জুলাই গণঅভ্যুত্থানের স্মৃতি ও শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে ময়মনসিংহে অনুষ্ঠিত হয়েছে দিনব্যাপী অনুষ্ঠান ‘ফিরে দেখা জুলাই’। ‘জুলাই প্রবাহ’-এর আয়োজনে অনুষ্ঠিত এ আয়োজনে চিত্রাঙ্কন, আবৃত্তি, গান, নৃত্য ও কবিতার মাধ্যমে জুলাই গণঅভ্যুত্থানের স্মৃতি তুলে ধরা হয়।
আজ সকালে শিল্পাচার্য জয়নুল আবেদীন পার্কের বৈশাখী মঞ্চে দিনব্যাপী অনুষ্ঠানের কার্যক্রম শুরু হয়। সকাল ১১টায় বিভিন্ন স্কুলের শিক্ষার্থীদের অংশগ্রহণে চিত্রাঙ্কন ও আবৃত্তি প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। এতে শিক্ষার্থীরা জুলাই গণঅভ্যুত্থান ও এর বিভিন্ন স্মৃতিকে নিজেদের সৃজনশীলতার মাধ্যমে উপস্থাপন করে।
অনুষ্ঠানে ময়মনসিংহের রাজনৈতিক, সাংস্কৃতিক ও সামাজিক পরিসরের বিভিন্ন ব্যক্তি উপস্থিত ছিলেন। তাঁদের মধ্যে ছিলেন বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের শিক্ষক কাজী ফরিদ, চারণ সাংস্কৃতিক কেন্দ্রের ঢাকা জেলা ইনচার্জ সুষ্মিতা রায় সুপ্তিসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ।
বিকেল ৫টায় জুলাই গণঅভ্যুত্থানে শহীদদের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে শুরু হয় সাংস্কৃতিক অনুষ্ঠান। ‘জুলাই প্রবাহ’-এর সদস্যদের অংশগ্রহণে নাচ, গান ও কবিতা পরিবেশনের মাধ্যমে জুলাই গণঅভ্যুত্থানের স্মৃতি ও চেতনা তুলে ধরা হয়।
আয়োজকদের পক্ষ থেকে বলা হয়, নতুন প্রজন্মের কাছে জুলাই গণঅভ্যুত্থানের স্মৃতি ও তাৎপর্য তুলে ধরার পাশাপাশি সাংস্কৃতিক কর্মকাণ্ডের মাধ্যমে ঐতিহাসিক ঘটনাকে স্মরণ করাই এ আয়োজনের অন্যতম উদ্দেশ্য।
সাংস্কৃতিক অনুষ্ঠান শেষে বিভিন্ন প্রতিযোগিতায় অংশগ্রহণকারী শিক্ষার্থী ও বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়। পুরস্কার বিতরণের মধ্য দিয়ে দিনব্যাপী ‘ফিরে দেখা জুলাই’ অনুষ্ঠানের সমাপ্তি ঘটে।

