ময়মনসিংহ মহানগর জামায়াতে ইসলামীর যুব ও ক্রীড়া বিভাগের উদ্যোগে আয়োজিত ‘জুলাই স্মৃতি ফুটবল টুর্নামেন্ট’-এর ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান উৎসবমুখর ও জমকালো পরিবেশে অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (২৮ আগস্ট) বিকেলে ময়মনসিংহ নগরীর ঐতিহাসিক সার্কিট হাউজ মাঠে টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের শহীদদের স্মরণে আয়োজিত এ টুর্নামেন্টের ফাইনাল ম্যাচকে ঘিরে মাঠে বিপুলসংখ্যক দর্শকের উপস্থিতি লক্ষ্য করা যায়।
১–০ গোলে জয়ী বোররচর স্পোর্টিং ক্লাব
প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ফাইনাল ম্যাচে সিরাত বয়েজ ক্লাবকে ১–০ গোলে পরাজিত করে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে বোররচর স্পোর্টিং ক্লাব। রানার্সআপ হয় সিরাত বয়েজ ক্লাব।
খেলা শেষে আয়োজিত পুরস্কার বিতরণী অনুষ্ঠানে বিজয়ী ও রানার্সআপ দলের খেলোয়াড়দের হাতে ট্রফি ও প্রাইজমানি তুলে দেওয়া হয়।
প্রধান অতিথি ছিলেন মাওলানা কামরুল আহসান এমরুল
ময়মনসিংহ মহানগর জামায়াতের যুব বিভাগের সভাপতি ইঞ্জিনিয়ার আব্দুলর বারীর সভাপতিত্বে এবং সেক্রেটারি এস. এম. জোবায়ের হোসেনের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ময়মনসিংহ মহানগর জামায়াতে ইসলামীর আমীর মাওলানা কামরুল আহসান এমরুল।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মহানগর জামায়াতের নায়েবে আমীর আছাদুজ্জামান সোহেল, মহানগর সেক্রেটারি অধ্যাপক শহীদুল্লাহ কায়সার, জেলা জামায়াতের সেক্রেটারি মাওলানা মোজাম্মেল হক আকন্দ এবং জেলা জামায়াতের যুব ও ক্রীড়া বিভাগের সভাপতি মো. মাহবুবুর রশিদ ফরাজী।
প্রধান অতিথির বক্তব্যে মাওলানা কামরুল আহসান এমরুল জুলাইয়ের ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে নিহতদের স্মরণ করেন এবং তরুণ সমাজকে খেলাধুলার পাশাপাশি মাদক, হতাশা ও সামাজিক অন্যায়ের বিরুদ্ধে ইতিবাচক ভূমিকা রাখার আহ্বান জানান।
তিনি বলেন, খেলাধুলা তরুণদের শারীরিক ও মানসিক বিকাশের পাশাপাশি পারস্পরিক সম্প্রীতি, ভ্রাতৃত্ববোধ ও নেতৃত্বের গুণাবলি বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।
আয়োজকরা জানান, যুবসমাজকে খেলাধুলার সঙ্গে সম্পৃক্ত করা এবং জুলাইয়ের স্মৃতি ও চেতনাকে ধারণ করার লক্ষ্যেই এ ফুটবল টুর্নামেন্টের আয়োজন করা হয়েছে। টুর্নামেন্টের ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণের মধ্য দিয়ে এ আয়োজনের সমাপ্তি ঘটে।

