নিজস্ব প্রতিবেদক: প্রতি বছরের জুনিয়র বৃত্তি পরীক্ষার চূড়ান্ত সময়সূচি প্রকাশ করা হয়েছে। প্রকাশিত সূচি অনুযায়ী, আগামী ৮ ডিসেম্বর থেকে শুরু হয়ে ১৫ ডিসেম্বর পর্যন্ত এ পরীক্ষা চলবে।
রোববার (২৩ আগস্ট) ঢাকা শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক ও জুনিয়র বৃত্তি পরীক্ষা নির্বাহী কমিটির সদস্যসচিব প্রফেসর জেসমিন তাসলিমা বানু এবং মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের (মাউশি) মহাপরিচালক ও জুনিয়র বৃত্তি পরীক্ষা নির্বাহী কমিটির সভাপতি প্রফেসর ড. খান মইনুদ্দিন আল মাহমুদ সোহেল স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
প্রকাশিত রুটিন অনুযায়ী, ৮ ডিসেম্বর বাংলা, ১০ ডিসেম্বর ইংরেজি, ১৩ ডিসেম্বর গণিত এবং ১৫ ডিসেম্বর বিজ্ঞান ও বাংলাদেশ ও বিশ্বপরিচয় বিষয়ের পরীক্ষা অনুষ্ঠিত হবে।
বিজ্ঞপ্তিতে পরীক্ষার্থীদের জন্য ছয়টি গুরুত্বপূর্ণ নির্দেশনা দেওয়া হয়েছে।
পরীক্ষার্থীদের জন্য ৬ নির্দেশনা
১. নির্ধারিত সময়ের আগে কেন্দ্রে উপস্থিতি
পরীক্ষা শুরুর কমপক্ষে ৩০ মিনিট আগে পরীক্ষার্থীদের অবশ্যই পরীক্ষা কক্ষে আসন গ্রহণ করতে হবে।
২. নির্ধারিত সময় অনুযায়ী পরীক্ষা
প্রশ্নপত্রে উল্লিখিত সময় অনুযায়ী পরীক্ষা অনুষ্ঠিত হবে। বিজ্ঞান বিষয়ের জন্য ১ ঘণ্টা ৩০ মিনিট এবং বাংলাদেশ ও বিশ্বপরিচয় বিষয়ের জন্য ১ ঘণ্টা ৩০ মিনিট সময় থাকবে। অর্থাৎ এ দুই বিষয়ের পরীক্ষা মিলিয়ে মোট ৩ ঘণ্টা অনুষ্ঠিত হবে।
৩. প্রবেশপত্র সংগ্রহ
পরীক্ষার্থীদের নিজ নিজ প্রতিষ্ঠানপ্রধানের কাছ থেকে পরীক্ষা শুরুর কমপক্ষে সাত দিন আগে প্রবেশপত্র সংগ্রহ করতে হবে।
৪. OMR ফরম পূরণে সতর্কতা
উত্তরপত্রের OMR ফরমে পরীক্ষার রোল নম্বর, রেজিস্ট্রেশন নম্বর, বিষয় কোডসহ প্রয়োজনীয় তথ্য যথাযথভাবে লিখে সংশ্লিষ্ট বৃত্ত ভরাট করতে হবে। কোনো অবস্থাতেই উত্তরপত্র ভাঁজ করা যাবে না।
৫. ক্যালকুলেটর ব্যবহারের সুযোগ
পরীক্ষার্থীরা পরীক্ষায় বোর্ড কর্তৃক অনুমোদিত সাধারণ সায়েন্টিফিক ক্যালকুলেটর ব্যবহার করতে পারবে।
৬. মোবাইল ও ইলেকট্রনিক ডিভাইস নিষিদ্ধ
কেন্দ্রসচিব ছাড়া অন্য কোনো ব্যক্তি বা পরীক্ষার্থী পরীক্ষা কেন্দ্রে মোবাইল ফোনসহ কোনো ধরনের ইলেকট্রনিক ডিভাইস নিয়ে প্রবেশ করতে পারবেন না।
জুনিয়র বৃত্তি পরীক্ষায় অংশগ্রহণকারী শিক্ষার্থীদের এসব নির্দেশনা যথাযথভাবে মেনে চলার জন্য বিজ্ঞপ্তিতে গুরুত্বারোপ করা হয়েছে

